খুলনায় এলপি গ্যাস ভর্তি একটি ট্রাকের চাপায় দুই ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।
এ বিষয়ে হরিনটানা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেওয়ার পর জুয়েল বাবু মারা যান।