মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী সেন্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাছিম রেজা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সেন্টু মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর বাজারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ জুন তার স্ত্রী সাগরিকাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালান সেন্টু। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। পরে ময়নাতদন্তে রিপোর্টে হত্যার প্রমাণ পাওয়া যায়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ দন্ডবিধির ৩০২/২০১ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে সেন্টু মিয়া দোষী সাব্যস্ত হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেন।

মামলায় সরকারি পক্ষের কৌসুলি ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক ও আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাডভেকোট নুরুল হাসান রন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *